মোসাদ এজেন্টকে মৃত্যুদণ্ড দিল ইরান
-
তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদি
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করার দায়ে একজন এজেন্টকে মৃত্যুদণ্ড দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদি আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ওই এজেন্ট মোসাদের কর্মকর্তাদের কাছে দেশের ৩০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঠিকানা ও অন্যান্য তথ্য সরবরাহ করেছে। এসব ব্যক্তি ইরানের পরমাণু ও সামরিক প্রতিষ্ঠানে কাজ করছেন। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন গুপ্তহত্যার শিকার পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজিদ শাহরিয়ারি।
২০১০ সালের ১২ জানুয়ারি অধ্যাপক আলী মোহাম্মাদি মোটর সাইকেল পেতে রাখা বোমার বিস্ফোরণে শহীদ হন। তিনি ছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই বছরের ২৯ নভেম্বর সন্ত্রাসীরা অধ্যাপক মাজিদ শাহরিয়ারির গাড়িতে হামলা চালালে তিনিও শহীদ হন। ওই হামলায় সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান ড. ফেরেইদুন আব্বাসি ও তার স্ত্রী।
তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস দৌলতাবাদি আরো জানান, মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তি মোসাদের আট কর্মকর্তার সঙ্গে কয়েকবার বৈঠক করেছে এবং ইরানের সামরিক ও পরমাণু সংস্থা সম্পর্কে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছে। এর বিনিময়ে ওই এজেন্ট ইসরাইলের কাছ থেকে অর্থ এবং সুইডেনে বাড়ি নিয়েছে।
এর আগে ২০১৬ সালে ইরান নিশ্চিত করেছিল যে, আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার দায়ে দেশের একজন পরমাণু বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিয়েছে। শাহরাম আমিরি নামের ওই পরমাণু বিজ্ঞানীর ইরানের পরমাণু সংক্রান্ত অত্যন্ত গোপন বিষয়ে প্রবেশাধিকার ছিল এবং পরে ওই ব্যক্তি আমেরিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করে।
আমিরি ছিল বিশ্বদ্যিালয়ের প্রভাষক এবং ২০০৯ সালের জুন মাসে সৌদি আরব থেকে নিখোঁজ হয়ে যায়। আমেরিকায় ১৪ মাস অবস্থানের পর ২০১০ সালে সে দেশে ফিরে আসে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪