মার্কিন আহ্বান হাস্যকর; ক্ষেপণাস্ত্র তৈরি চলবেই: ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i47974-মার্কিন_আহ্বান_হাস্যকর_ক্ষেপণাস্ত্র_তৈরি_চলবেই_ইরানি_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনার বিষয়ে মার্কিন সিনেটের আহ্বান হাস্যকর। একইসঙ্গে তিনি বলেছেন, ইরানের নিজের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি চলতেই থাকবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৯, ২০১৭ ১৫:২৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনার বিষয়ে মার্কিন সিনেটের আহ্বান হাস্যকর। একইসঙ্গে তিনি বলেছেন, ইরানের নিজের প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি চলতেই থাকবে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদ ইরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব পাস করেছে। অন্যদিকে, মার্কিন সিনেট সদস্যরা ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি জাতীয় সংসদে আজ (রোববার) বলেছেন, "আমাদের অস্ত্র কর্মসূচি নিয়ে তারা ভুল চিন্তা করছেন। আমরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখব, আমাদের নিজেদের ও প্রিয় ইরানি জনগণকে রক্ষার জন্য যে ধরনের অস্ত্র তৈরি প্রয়োজন আমরা তাই তৈরি করব এবং সেগুলোর মজুদ গড়ে তুলব।"

জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট রুহানি

তিনি সুস্পষ্ট করে বলেছেন, "আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করেছি, এখনো তৈরি করছি এবং ক্ষেপণাস্ত্র বানানো অব্যাহত থাকবে। এটা আন্তর্জাতিক কোনো চুক্তির লঙ্ঘন নয়।" প্রেসিডেন্টের ভাষণের এ পর্যায়ে সংসদ সদস্যরা 'আমেরিকা ধ্বংস হোক, নিপাত যাক' বলে স্লোগান দিতে থাকেন।

ড. রুহানি বলেন, ইরান ক্ষেপণাস্ত্র তৈরি করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে নি বরং ইরান-বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা তা লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক জনমতের মুখে মার্কিন বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকির মুখে ফেলেছে। হাসান রুহানি প্রশ্ন করেন, পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা বিশ্বাস ভঙ্গ করছে তাহলে অন্য বিষয়ে তারা প্রতিশ্রুতি রক্ষা করবে তার নিশ্চয়তা কোথায়?#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯