ইরান সম্পর্কে মার্কিন নতুন নীতি মারাত্মক হুমকি: সেনাপ্রধান
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরান বিষয়ে আমেরিকা যে নতুন নীতি ঘোষণা করেছে তা তেহরানের জন্য মারাত্মক হুমকি। এই নীতির আসল লক্ষ্য হলো ইরানের ইসলামি সরকারকে ক্ষমতাচ্যুত করা।
জেনারেল বাকেরি বলেন, ক্ষমতায় আসার কয়েক মাস পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন নীতি গ্রহণ করেছে যার কারণে ইরান এবং অন্য স্বাধীন দেশগুলো সংকটে পড়বে। রাজধানী তেহরানে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় জেনারেল বাকেরি আজ (সোমবার) এ কথা বলেন। তিনি আরো বলেন, "মার্কিন নতুন নীতির মূল লক্ষ্য হচ্ছে ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করা যা কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রকাশ্যে ঘোষণা করেছেন।"
টিলারসন বলেছেন, "আমেরিকার বর্তমান নীতি হচ্ছে ইরানের ভেতর থেকে এমন কিছু ব্যক্তিকে দিয়ে কাজ করানো যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল ঘটিয়ে দেবে।" টিলারসনের এই বক্তব্যের পর ইরান জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ এনেছে।
জেনারেল বাকেরি বলেন, আমেরিকার নীতি হচ্ছে কোথাও তারা কোনো পরিবর্তন আনতে গেলে সব রকমের ব্যবস্থা গ্রহণ করে; শেষ পর্যন্ত সফল না হলে সামরিক উপায়ে সে চেষ্টা করে। তিনি বলেন, আমেরিকা সম্প্রতি যে নীতি নিয়েছে তার মাধ্যমে ওয়াশিংটন ইরানের সরকার ও জনগণের মধ্যে ব্যাপক মতানৈক্য সৃষ্টির মাধ্যমে তাদের লক্ষ্য হাসিল করতে চায়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০