মধ্যপ্রাচ্যের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে: ইরান
-
বিচার বিভাগের প্রধান (ডানে) ও সংসদ স্পিকারের (বামে) সঙ্গে রুহানির বৈঠক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। বিদেশি শক্তির হস্তক্ষেপ এড়ানোর জন্য তিনি সংলাপের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সমস্যা সমাধানের আহ্বান জানান।
ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি এবং জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে গতকাল (সোমবার) বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি এ আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে অব্যাহতভাবে সন্ত্রাসবাদ ছড়িয়ে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্র বিক্রির জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে।
প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি আঞ্চলিক দেশগুলোর সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে।” মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সীমানা বদলের বিষয়ে বলদর্পী শক্তিগুলোর কূটকৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।
পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান সম্পর্কে হাসান রুহানি বলেন, “এটা একটা ষড়যন্ত্র এবং এর মাধ্যমে ইরানের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা আমাদের দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১