ইরানের স্বার্থ নিশ্চিত না হলে উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে: আলী শামখানি
-
আলি শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তেহরানের স্বার্থ নিশ্চিত না হলে পরমাণু সমঝোতা অর্থহীন। তিনি বলেন ইরানের স্বার্থ নিশ্চিত না হলে উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে।
আজ তেহরানে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবসের অনুষ্ঠানে আমাদের সংবাদদাতার সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আমেরিকা বারাক ওবামার সময় থেকে এখনও পরমাণু সমঝোতাকে অকার্যকর করার পাঁয়তারা করেই যাচ্ছে।
আলী শামখানি বলেন, ইরান যদি দেখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ নিশ্চিত হচ্ছে না,তাহলে উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে।
তিনি বলেন আমেরিকার অতৃপ্ত বাসনা স্তব্ধ করার উপায় হলো ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও শক্তি আরও দৃঢ় করা। ইরান নিজেদের শক্তি-সামর্থ্য ও আত্মবিশ্বাস দিয়েই ওয়াশিংটনকে মোকাবেলা করতে সক্ষম বলে আলী শামখানি মন্তব্য করেন।
২০১৬ সালের জানুয়ারি থেকে ছয় জাতিগোষ্ঠির মধ্যে সংঘটিত পরমাণু সমঝোতা আইএইএ'র পর্যবেক্ষণে বাস্তবায়িত হয়ে আসছে। তবে মার্কিন সরকার ওই সমঝোতা বাস্তবায়নের পথে যথারীতি বাধা সৃষ্টি করে যাচ্ছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৪