৯/১১ হামলা নিয়ে আমেরিকার মিথ্যাচারের জবাব দিল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i48169-৯_১১_হামলা_নিয়ে_আমেরিকার_মিথ্যাচারের_জবাব_দিল_তেহরান
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ৯/১১-এর হামলার ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তাকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, ৯/১১-এর ঘটনায় জড়িত মধ্যপ্রাচ্যে নিজের কিছু মিত্র দেশকে রক্ষা করতে গিয়ে ওয়াশিংটন এই মিথ্যাচার করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৫, ২০১৭ ০৩:৪৮ Asia/Dhaka
  • ৯/১১ হামলা নিয়ে আমেরিকার মিথ্যাচারের জবাব দিল তেহরান

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ৯/১১-এর হামলার ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তাকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, ৯/১১-এর ঘটনায় জড়িত মধ্যপ্রাচ্যে নিজের কিছু মিত্র দেশকে রক্ষা করতে গিয়ে ওয়াশিংটন এই মিথ্যাচার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসার দাবিকে প্রমাণ করা এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প প্রশাসনের ভাবমূর্তি চাঙ্গা রাখতে ইরানের বিরুদ্ধে মিথ্যা দলিল তৈরি করা হয়েছে। ভুয়া দলিল তৈরিতে মার্কিন নিরাপত্তা বাহিনীগুলোর জুড়ি নেই বলেও তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ২০১১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা সম্পর্কে সিআইএ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। আরবি ভাষায় প্রকাশিত ১৯ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়, ৯/১১ হামলার আগে উগ্র জঙ্গি নেটওয়ার্ক আল-কায়েদাকে সহযোগিতা করেছে ইরান।

৯/১১-এর হামলার ব্যাপারে সিআইএ সম্প্রতি যে ৪৭ হাজার দলিল প্রকাশ করেছে ১৯ পৃষ্ঠার ওই প্রতিবেদন তারই অংশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ওয়াশিংটন এমন সময় ইরানের বিরুদ্ধে এই অভিযোগ আনল যখন ৯/১১ হামলায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারির ১৫ জনই ছিল সৌদি নাগরিক। কিন্তু সৌদি আরব নিজের মিত্র দেশ হওয়ায় এখন পর্যন্ত মার্কিন সরকার রিয়াদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। উল্টো মার্কিন সরকারের আলাদা এক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ১৯ ছিনতাইকারির মধ্যে আটজন ইরান হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, “মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্ব জনমতকে ধোঁকা দেয়ার জন্য অতীতে বহু ভুয়া দলিল ও প্রতিবেদন তৈরি করেছে। এসব সংস্থা যেকোনো মূল্যে তাদের অশুভ লক্ষ্য হাসিল করতে চায়; যদি সে কাজে মার্কিন জনগণকে ধোঁকাও দিতে হয় তাতেও পিছ পা হয় না মার্কিন গোয়েন্দারা।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫