আমেরিকার উচিত পরমাণু সমঝোতার ব্যাপারে অঙ্গীকারে অটুট থাকা: খোশরু
-
গোলাম আলি খোশরু
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলি খোশরু বলেছেন: ইরানের পরমাণু বিষয়ক কর্মকাণ্ড অনুমোদন করার অধিকার একমাত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। তেহরানসহ বিশ্বসমাজও তাই মনে করে। বার্তা সংস্থা ইরনা'র সঙ্গে আলাপকালে জনাব খোশরু বলেন, আইএইএ আবারও নিশ্চিত করেছে যে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। ইরানের পক্ষ থেকে কোনো ধরনের বিচ্যুতি নেই বলে আইএইএ'র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে,ইরান আইএইএ'র সঙ্গে সুস্পষ্ট সহযোগিতার মধ্য দিয়েই তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
গোলাম আলি খোশরু বলেন,ইরান পরমাণু সমঝোতা থেকে আগে বের হবে না, তবে এককভাবে কেউ বের হয়ে গেলে তাও মেনে নেবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,ইউরোপ,চীন, রাশিয়াসহ অন্যান্য দেশ পরমাণু সমঝোতাকে আরও বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমেরিকারও উচিত পরমাণু সমঝোতার ব্যাপারে নিজস্ব অঙ্গীকারে অটুট থাকা।
গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে আইএইএ'র বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা প্রসঙ্গে জনাব খোশরু বলেন, নিরাপত্তা পরিষদের খসড়া অনুযায়ী পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনা করার সুযোগ নেই এবং এককভাবে কারো পক্ষে তা বাতিল করারও সুযোগ নেই। সুতরাং সকল পক্ষের উচিত সমঝোতা মেনে চলা এবং সমঝোতা পরিপন্থি যে-কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা।
গতকাল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো জাতিসংঘের সাধারণ অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। পরমাণু সমঝোতার ওপর আইএইএ'র কঠোর নজরদারি রয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১১