আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকে বিশ্ব আর নিরাপদ নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i48651-আফগানিস্তানে_মার্কিন_হামলার_পর_থেকে_বিশ্ব_আর_নিরাপদ_নেই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে বিশ্বের কেউ আর নিজেকে নিরাপদ ভাবছে না। একইসঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ২১, ২০১৭ ০৭:১৯ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু
    জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকে বিশ্বের কেউ আর নিজেকে নিরাপদ ভাবছে না। একইসঙ্গে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

সোমবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু এ আহ্বান জানান। তিনি আফগানিস্তানে গত কয়েক মাসে সন্ত্রাসী হামলা ও সহিংসতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, আফগানিস্তানে ১৬ বছর আগে মার্কিন আগ্রাসনের ফলে এই সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে এবং আজ পর্যন্ত তার কোনো পরিবর্তন ঘটেনি।

সন্ত্রাসীদের দমন ও আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠার দোহাই দিয়ে আমেরিকা ও তার মিত্ররা ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায়। কিন্তু এত বছর পর এখনো আমেরিকার সে লক্ষ্য পূরণ হয়নি।

আফগানিস্তানের প্রতি ইরানের নিঃস্বার্থ সমর্থনের কথা উল্লেখ করে গোলামআলী খোশরু বলেন, গত তিন দশক ধরে ইরান লক্ষ লক্ষ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়ে এসেছে।

ইরানি শিশুদের সঙ্গে একই স্কুলে লেখাপড়া করছে আফগান শরণার্থী শিশুরা

চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে প্রায় ১০ লাখ নিবন্ধিত আফগান শরণার্থী বসবাস করছে।

এ ছাড়া, আরো প্রায় ২০ লাখ আফগান শরণার্থী অবৈধভাবে ইরানে অবস্থান করছে। এদের কোনো বৈধ কাগজপত্র না থাকলেও মানবিক কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না তেহরান। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশে বৈধ-অবৈধ সব আফগান শরণার্থী শিশুর জন্য বিনামূল্যে লেখাপড়া শেখার সুযোগ করে দেয়া হয়েছে।

পাশাপাশি, ইরানে কোনো ধরনের বৈষম্য ছাড়া আফগান শরণার্থীরা সব রকম চিকিৎসা সুবিধাও পাচ্ছে। এসব কারণে আফগান সরকার বহুবার রাষ্ট্রীয়ভাবে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১