মার্কিন পুলিশের হাতে ইরানি যুবক হত্যার তীব্র নিন্দা জানাল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i49119-মার্কিন_পুলিশের_হাতে_ইরানি_যুবক_হত্যার_তীব্র_নিন্দা_জানাল_তেহরান
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দেশটির পুলিশের হাতে একজন ইরানি যুবকের ‘নৃশংস হত্যাকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই নিন্দা জানিয়ে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ৩০, ২০১৭ ০৬:০১ Asia/Dhaka
  • নিহত ইরানি যুবক বিজান কেইসার
    নিহত ইরানি যুবক বিজান কেইসার

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দেশটির পুলিশের হাতে একজন ইরানি যুবকের ‘নৃশংস হত্যাকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই নিন্দা জানিয়ে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে।

এ কাজে বিদ্যমান সরকারি চ্যানেলের সহযোগিতা নেয়া হচ্ছে বলে তিনি জানান।কাসেমি নিহত ইরানি যুবক বিজান কেইসারের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।

মার্কিন পুলিশ গত ১৭ নভেম্বর সন্ধ্যায় বিজানকে গুলি করে। পুলিশ দাবি করে, একটি দুর্ঘটনার পর ২৫ বছর বয়সি বিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিলেন বলে তারা তাকে গুলি কর হয়। প্রায় ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার হাসপাতালে বিজান কেইসারের মৃত্যু হয়।

 বাহরাম কাসেমি

কেইসারের পরিবার এক বিবৃতিতে বলেছে, খুব কাছে থেকে বিজানের মাথায় তিন রাউন্ড গুলি করা হয় যাতে তার মস্তিস্ক ছিন্নভিন্ন হয়ে যায়। তার শরীরে বা গাড়িতে কোনো আগ্নেয়াস্ত্রও ছিল না বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরো বলা হয়, মার্কিন পুলিশ যে দাবি করছে তার সঙ্গে গুলি করার ধরনের কোনো মিল নেই। কেউ পালিয়ে যেতে চাইলে তাকে শরীরের অন্যত্র গুলি করা যেত; কিন্তু মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করার কারণ তারা সত্যিই উপলব্ধি করতে পারছেন না।

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী নারী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে বলেছেন, তিনি দু’জন মার্কিন পুলিশ কর্মকর্তাকে বিজানের গাড়ির কাছে এসে তার ওপর গুলি চালাতে দেখেছেন।  দৈনিকটি জানিয়েছে, যেসব পুলিশ কর্মকর্তা এই গুলিবর্ষণের ঘটনায় জড়িত তাদের নাম প্রকাশ করা হয়নি।  গুলিবর্ষণের ঘটনা এড়ানো যেত কিনা তাও পুলিশ জানায়নি।

বিজান কেইসার একজন ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার জন্মের আগেই তার মা-বাবা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতেন।

এদিকে ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, “মার্কিন সরকারকে এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে এবং এ ব্যাপারে বিশ্ব জনমতের প্রশ্নের জবাব দিতে হবে।”ওই পরিষদ আরো জানিয়েছে, আমেরিকার পুলিশের হাতে ইরানি নাগরিকের হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করার জন্য সংস্থাটির পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে চিঠি দেয়া হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০