ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো ইরানজুড়ে মিছিল-সমাবেশ; তেহরানে মানুষের ঢল
ইরানের ইসলামি সরকার ব্যবস্থার প্রতি সমর্থন ও সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে আজ (শুক্রবার) তৃতীয় দিনের মতো মিছিল-সমাবেশ করেছে লাখ লাখ মানুষ। আজকের প্রধান সমাবেশ হয়েছে রাজধানী তেহরানে।
জুমার নামাজের পর মুসল্লিরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছে। তারা দেশের সব মানুষকে শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জাতীয় ঐক্য ও সংহতি বজার রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। তেহরানের বাইরে তাবরিজ, সারি ও কেরমানসহ আরও অনেক শহরে বিশাল মিছিল হয়েছে।
আজকের মিছিল-সমাবেশে অংশ নেয়া মুসল্লিদের হাতে হাতে ছিল জাতীয় পতাকাসহ নানা প্ল্যাকার্ড এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির ছবি। অনেকের হাতে শহীদদের ছবিও শোভা পাচ্ছিল। বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল- 'সর্বোচ্চ নেতা, আমরা আপনার জন্য রক্ত দিতেও প্রস্তুত'। মিছিলে অংশ নেয়া লোকজন সাম্প্রতিক সহিংসতার জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে এবং আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে নানা স্লোগান দিয়েছে।
এর আগে গত দুই দিন ইরানের বিভিন্ন শহরে একই একই ধরনের মিছিল-সমাবেশ হয়েছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গত বৃহস্পতিবার থেকে ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ মিছিল-সমাবেশ করেন। তবে বিচ্ছিন্ন সহিংসতায় কয়েকটি শহরে বেশ কিছু সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব ঘটনার সঙ্গে জড়িতদের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে বেশ কয়েকটি টুইটার পোস্ট দিয়েছেন। এছাড়া, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সহিংসতার প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫