‘আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইরান পাল্টা পদক্ষেপ নেবে’
-
আলী আকবর সালেহি
আমেরিকার পক্ষ থেকে ইরানের পরমাণু সমঝোতার সম্ভাব্য লঙ্ঘনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে এক টেলিফোনালাপে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
ওই টেলিফোন সংলাপে সালেহি বলেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা লঙ্ঘন করলে ইরান এমন পদক্ষেপ নিতে পারে যা আইএইএ’র সঙ্গে তেহরানের সহযোগিতার ওপর বিরূপ প্রভাব ফেলবে।
জার্মানি ও জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশের সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়। আমেরিকা নিজেও এই সমঝোতায় সই করা সত্ত্বেও শুরু থেকেই এটি বাস্তবায়নে গড়িমসি করে মার্কিন সরকার।
এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা বহুবার বলেছেন, তেহরান যতদিন এই সমঝোতা থেকে উপকৃত হবে ততদিন তা মেনে চলবে। ইরানের স্বার্থ রক্ষিত না হলে এই সমঝোতা মেনে চলার কোনো অর্থ হয় না বলে তারা ঘোষণা করেছেন।
২০১৬ সালের শুরু থেকে এ পর্যন্ত আইএইএ অন্তত ১০ বার এ নিশ্চয়তা দিয়েছে যে, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করছে। কিন্তু তা সত্ত্বেও গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির কংগ্রেসকে দেয়া প্রতিবেদনে দাবি করেছেন, ইরান এ সমঝোতা মেনে চলছে না।
এ অবস্থায় মার্কিন সরকার পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় অটল থাকবে নাকি বেরিয়ে যাবে সে ব্যাপারে আগামী ১৩ জানুয়ারি ঘোষণা দেবেন ট্রাম্প। তার ওই ঘোষণার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে সতর্কবাণী উচ্চারণ করলেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯