'মুহাম্মাদ রাসূলুল্লাহ (স)' মহড়া চলছে; কল্পিত শত্রুর অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর দ্বিতীয় দিনের যৌথ মহড়া চলছে। আজ (মঙ্গলবার) ওমান সাগরে পেতে রাখা মাইন শনাক্ত করে তা অপসারণের মহড়া সম্পন্ন হয়েছে। এছাড়া ইরানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে কল্পিত শত্রুর অবস্থানে হামলা চালিয়েছে। চলমান মহড়া বিষয়ক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেদ মাহমুদ মুসাভি এসব তথ্য জানিয়েছেন।
সামরিক বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারির নির্দেশে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ (স)’ নামের এ মহড়া গতকাল (সোমবার) সকালে শুরু হয়। ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় বিশাল এলাকাজুড়ে যৌথ সামরিক মহড়া চালানো হচ্ছে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান উপকূল এবং ওমান সাগর উপকূলের ৩০ লাখ বর্গকিলোমিটার এলাকায় মহড়া চলছে। গতকাল ইরানের স্পেশাল ফোর্স ও কমান্ডো ইউনিট নিজেদের পানিসীমায় অনুপ্রবেশ রুখে দিতে কল্পিত শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।
এছাড়া, ইরানের উপকূল রক্ষায় নৌবাহিনীকে সহায়তার মহড়া চালিয়েছে স্থলবাহিনী।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩