৪০-এ ইরানের ইসলামি বিপ্লব; আছে নানা আয়োজন
ইরানে ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিপ্লবের বার্ষিকীতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে মিছিল সমাবেশে যোগ দিচ্ছেন।
১৯৭৯ সালের এই দিনে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মহান নেতা ইমাম খোমেনীর নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে সফলতা লাভ করে এবং রেজা শাহের পতন হয়। ইরানের জনগণ মুক্তি পায় মার্কিন সমর্থিত দীর্ঘকালের পাহলভি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে। এর মধ্যদিয়ে ইমাম খোমেনীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণমূলক ইসলামি শাসন ব্যবস্থা।
বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ইরানের শহর-বন্দরগুলোতে প্রতিবছর বিজয় র্যালি ও মিছিল করেন। এদিনে দেশের জনগণ সারা বিশ্বের রক্তচক্ষু উপক্ষো করে নতুন করে বিপ্লব রক্ষার শপথ নেন। তবে এ বছরের বিপ্লব বার্ষিকী এমন সময় উদযাপিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন।
এছাড়া, পবিত্র বায়তুল মুকাদ্দাসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে গোটা অঞ্চল টালমাটাল অবস্থায় রয়েছে এবং ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে। এসব ক্ষেত্রে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১