ইরান বিরোধী ব্যবস্থা নেয়ার প্রস্তাব দিয়েছে ৩ ইউরোপীয় দেশ: রয়টার্স
আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ‘ধরে রাখার জন্য’ তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। ‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে এ খবর জানিয়েছে লন্ডন-ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।
এটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পরমাণু সমঝোতা মেনে চলতে উৎসাহিত করার জন্য ওই তিন দেশ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’কে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে। ইইউ’র পক্ষ থেকে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে এর ২৮ সদস্যদেশের সবগুলোর সমর্থন প্রয়োজন।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সিরিয়ায় ইরানের তৎপরতা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে রয়টার্স জানিয়েছে।
বার্তা সংস্থাটি এমন সময় এ খবর দিল যখন ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো গতকাল (শুক্রবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ১১তম বৈঠকে অংশ নিয়েছে। ওই বৈঠকে এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন, বৈঠকে অংশগ্রহণকারী ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণ করেই ইরানের পরমাণু সমঝোতা বাতিল করা হবে বলে ঘোষণা দেন। সেইসঙ্গে তিনি ইউরোপকে ইরানের বিরুদ্ধে আরো বেশী চাপ সৃষ্টি করার আহ্বান জানান।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের পরমাণু সমঝোতা বাতিলের বিরোধিতা করলেও ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার যে আহ্বান জানানো হয়েছিল তা মেনে নিয়েছে।
ইউরোপের পক্ষ থেকে এমন সময় সম্ভাব্য ইরান বিরোধী ব্যবস্থা নেয়ার খবর প্রকাশিত হলো যখন তেহরান ওই সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত নয়টি প্রতিবেদনে নিশ্চিত করেছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭