মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা করা ইরানের পররাষ্ট্রনীতির অংশ: হাসান রুহানি
-
প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত সম্পর্ক বৃদ্ধি করার বিষয়টিকে ইরানের পররাষ্ট্রনীতিতে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয়।
প্রেসিডেন্টের তথ্য বিভাগ জানিয়েছে, ড. হাসান রুহানির আমন্ত্রণে আজ সকালে দেশের আইন, বিচার ও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক শেষে ড. রুহানি সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।
তিনি বলেন, ইরান সবসময় আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দেয়।
সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে অনুষ্ঠেয় রাশিয়া-তুরস্ক-ইরান ত্রিপক্ষীয় বৈঠকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হাসান রুহানি। এই বৈঠকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ করে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন নি:সন্দেহে বিশ্বব্যাপী সাম্প্রতিক পরিবর্তন নিরাপত্তা, স্থিতিশীলতাসহ ইরানের ঐক্য ও উৎপাদনের ক্ষেত্রে কোনোরকম নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না।
তিন বিভাগের বৈঠকেও প্রেসিডেন্ট রুহানি দেশের অভ্যন্তরীণ ঐক্যের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৬