‘পরমাণু সমঝোতা নিয়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান’
-
আব্বকাস আরাকচি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক আব্বকাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তেহরান।
গতকাল (বুধবার) তিনি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যদি আমেরিকা বেরিয়ে যায় তাহলে ইরান অবশ্যই নিশ্চিত ও উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের মুখে আমরা শক্তভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বার্থ রক্ষা করব। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার বলছেন, আমেরিকা এ পর্যন্ত যত চুক্তিতে সই করেছে তার মধ্যে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা সবচেয়ে নিকৃষ্ট চুক্তি। তিনি নির্বাচনী প্রচারণার সময় থেকে এ সমঝোতা বাতিলের কথা বলে আসছেন।
কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি সম্পর্কে করণীয় ঠিক করতে মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় মিত্রদেরকে চার মাসের সময় বেধে দিয়েছেন। বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলো একে অপরের মধ্যে শলাপরামর্শ করছে, একইসঙ্গে তারা আমেরিকার সঙ্গে আলোচনা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯