ইরান প্রস্তুত, সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকাকে অনুতপ্ত হতে হবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i56856-ইরান_প্রস্তুত_সমঝোতা_লঙ্ঘনের_জন্য_আমেরিকাকে_অনুতপ্ত_হতে_হবে_রুহানি
২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে এর জন্যে ওয়াশিংটনকে অনুতপ্ত হতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটনের সম্ভাব্য এ পদক্ষেপের ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান সব প্রস্তুতিই গ্রহণ করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৬, ২০১৮ ১৩:২২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে এর জন্যে ওয়াশিংটনকে অনুতপ্ত হতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একই সঙ্গে তিনি বলেন, ওয়াশিংটনের সম্ভাব্য এ পদক্ষেপের ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান সব প্রস্তুতিই গ্রহণ করেছে।

আজ (রোববার) ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় সাবজেবর শহরে এক জন সমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি বলেন, "যদি আমেরিকা পরমাণু সমঝোতা পত্র বা জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আপনারা শিগগিরই দেখতে পাবেন যে মার্কিনীদেরকে এর জন্যে অনুতপ্ত হতে হবে।" 

রুহানি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিতে তিনি ইরানের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকরী পদক্ষেপ নিতে কয়েক মাস আগেই নির্দেশনা দিয়েছেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার ব্যাপারে  ইরানের আণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের তিনি এরইমধ্যে নির্দেশ দিয়েছেন। তবে এর বিস্তারিত কিছু বলেন নি তিনি।    

তিনি বলেন, "আমাদের পথ পরিষ্কার। যথাযথ ব্যবস্থা নেয়ার ব্যাপারে ইরানের অর্থবিভাগের প্রতিও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।"

এছাড়া, ইরানের মহান এবং সাহসী জাতির বিরুদ্ধে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের অভিযোগকে ডাহা মিথ্যা হিসেবে অভিহিত করে রুহানি বলেন, "ইরানি জাতি আপনাদের ভয় করে না এবং আপনাদের কাছ থেকে আসা হুমকিগুলোকেও তারা পাত্তা দেয় না। আমেরিকা এবং ইসরাইলের হুমকি মোকাবেলায়  ইরানের জনগণ ঐক্যবদ্ধ।" সর্বোচ্চ নেতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে ইরানি জনগণ নিজেদের উন্নতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৬