ইরান সরকারের বিবৃতি: প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নেয়া হবে
-
ইরান সরকারে মুখপাত্র মোহাম্মাদ বাকের নোবাখ্ত
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছে তেহরান।
ইরান সরকারের এ বিবৃতিতে বলা হয়েছে, শুরু থেকেই আমেরিকা পরমাণু সমঝাতা লঙ্ঘন করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় দেশটি এটি থেকে বেরিয়ে গেছে। এ ছাড়া, ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের ‘নোংরা’ বক্তব্য তার মূর্খতা ও বোকামির পরিচয় বহন করছে। এ ধরনের বক্তব্য সেই দেশের সরকার প্রধানকেই মানায় যে দেশ মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালিয়ে এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে।
ইরান সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। সেইসঙ্গে বিশ্বের কোনো দেশ আর সেইসব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তিতে সই করবে না যেখানে আমেরিকা স্বাক্ষর করেছে।
ট্রাম্পের ইরান বিরোধী হাস্যকর বক্তব্যের কারণে পরমাণু সমঝোতার কোনো ক্ষতি হবে না- উল্লেখ করে ইরান সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করলেও ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ১১টি প্রতিবেদন প্রকাশ করে এ বিষয়টি নিশ্চিত করেছে যে, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তাবয়ন করেছে।
ইরান সরকারের বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পার তেহরান এখন এ সমঝোতায় বর্ণিত ধারা অনুসারে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক দরবারে যাবে। সেখানে ইরানের স্বার্থ রক্ষিত না হলে প্রয়োজনে তেহরানও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১