‘আগের মতোই পরমাণু কর্মসূচি চালু করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত’
https://parstoday.ir/bn/news/iran-i57796-আগের_মতোই_পরমাণু_কর্মসূচি_চালু_করতে_ইরান_সম্পূর্ণ_প্রস্তুত’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষা করা না হলে ইরান আগের মতোই পরমাণু কর্মসূচি চালু করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৪, ২০১৮ ১১:১৮ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি (ফাইল ফটো)
    বেহরুজ কামালভান্দি (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষা করা না হলে ইরান আগের মতোই পরমাণু কর্মসূচি চালু করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

গতকাল (বুধবার) ইরানের প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সবকিছুই আগের মতো আছে; যদি আমরা আগের মতো পরমাণু কর্মসূচি চালু করতে চায় তাহলে তা সহজেই করা সম্ভব।”

৮ মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প

কামালভান্দি আরো বলেন, ট্রাম্প প্রশাসন কী করেছে তা আন্তর্জাতিক রাজনীতিবিদদের বিশ্লেষণের বিষয় কারণ আমেরিকা এমন কিছু করেছে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্ত। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের পদক্ষেপ অবশ্যই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এ কর্মকর্তা বলেন, সমঝোতা অনুযায়ী ইরান সহযোগিতা করছে কিনা তা দেখভাল করার অধিকার একমাত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র আছে; অন্য কারো নয়। এ নিয়ে যদি কারো কোনো কথা থাকে তাহলে তা বলতে হবে আইএইএ’র মাধ্যমে। ইরান সবসময় পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে এসেছে বলেও উল্লেখ করেন কামালভান্দি।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪