ইরানি এয়ারলাইন্স লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i57834-ইরানি_এয়ারলাইন্স_লক্ষ্য_করে_নতুন_করে_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
ইরানের চারটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থাকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মাহান এয়ার, কাস্পিয়ান এয়ারলাইন্স, মেরাজ এয়ার ও পুইয়া এয়ারকে লক্ষ্য করে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৮ ০১:১৮ Asia/Dhaka
  • মাহান এয়ারের একটি বোয়িং ৭৪৭ বিমানের উড্ডয়ন মুহূর্ত (ফাইল ছবি)
    মাহান এয়ারের একটি বোয়িং ৭৪৭ বিমানের উড্ডয়ন মুহূর্ত (ফাইল ছবি)

ইরানের চারটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থাকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মাহান এয়ার, কাস্পিয়ান এয়ারলাইন্স, মেরাজ এয়ার ও পুইয়া এয়ারকে লক্ষ্য করে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

ওই চার এয়ারলাইন্স পরিচালনাকারী নয় ইরানি ও তুর্কি নাগরিক এবং কোম্পানিকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।  মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র জন্য রসদ সরবরাহ করার কারণে এসব এয়ারলাইন্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, কাস্পিয়ান এয়ারলাইন ও পুইয়া এয়ার সিরিয়া ও লেবাননে অস্ত্র, সৈন্য ও অর্থ নিয়ে গেছে।

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে এক ঘোষণায় ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ট্রাম্প ওই ঘোষণায় ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছিলেন।

তার ওই ঘোষণার দু’দিন পর মার্কিন অর্থ মন্ত্রণালয় ছয় ইরানি নাগরিক ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। ইরাক ও সিরিয়ায় কর্মরত ইরানের সামরিক উপদেষ্টাদের কাছে অর্থ সরবরাহ করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এটি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে ইরানকে এ সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়েছে। তবে তেহরান বলেছে, ইউরোপ যতক্ষণ ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে পারবে ততক্ষণ তেহরান এ সমঝোতায় অটল থাকবে। প্রয়োজনে এটি থেকে বেরিয়ে গিয়ে পরমাণু কর্মসূচিকে আগের চেয়েও শক্তিশালী করারও হুমকি দিয়ে রেখেছে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫