স্বার্থ রক্ষিত হলেই কেবল পরমাণু সমঝোতায় টিকে থাকবে ইরান: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যে নয়া নীতি ঘোষণা করেছেন তার ফলে আমেরিকা আগের চেয়ে আরো বেশি একঘরে হয়ে পড়বে।
পম্পেও গত ২১ মে এক বক্তৃতায় ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেন এবং তেহরানের ওপর নজীরবিহীন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। তিনি ইরানের সঙ্গে নতুন কোনো সমঝোতায় যাওয়ার জন্য ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সিলগালা মেরে দেয়াসহ ১২টি শর্তের কথা ঘোষণা করেন।
এর আগে গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ইরানের পার্লামেন্ট মসজিশে শুরায়ে ইসলামির প্রভাবশালী সদস্যদের এক বৈঠকে রোববার বক্তৃতা দিতে গিয়ে পম্পেও’র ওই ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান জারিফ।
তিনি পরমাণু সমঝোতাকে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, পারস্য উপসাগরীয় তিনটি আরব দেশ ও ইহুদিবাদী ইসরাইল ছাড়া বিশ্বের আর কোনো দেশ এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মার্কিন সিদ্ধান্তকে সমর্থন করেনি। এ থেকে বোঝা যায় গোটা বিশ্ব ইরানের সঙ্গে রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী পদক্ষেপে নিজের পক্ষে জনসমর্থন টানতে ব্যর্থ হয়েছেন।
ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা অক্ষুণ্ন রাখতে চায়- উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত আলোচনায় প্রতিটি দেশ তার নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। তিনি বলেন, ইউরোপীয়রা তাদের স্বার্থে এ সমঝোতা টিকিয়ে রাখতে চায় এবং ইরান ততক্ষণ পর্যন্ত এটি রক্ষা করার চেষ্টা করবে যতক্ষণ এর মাধ্যমে তেহরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার গ্যারান্টি পাওয়া যাবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮