সমঝোতায় থেকেই পরমাণু ইঞ্জিন তৈরির প্রস্তাব দিলেন বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i58170-সমঝোতায়_থেকেই_পরমাণু_ইঞ্জিন_তৈরির_প্রস্তাব_দিলেন_বেলায়েতি
পরমাণু সমঝোতা বহাল রেখেই ইরানের পরমাণু কর্মসূচিকে শক্তিশালী করার জন্য কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। এ সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি এসব প্রস্তাব তুলে ধরলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ৩১, ২০১৮ ০০:৫০ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়েতি
    আলী আকবর বেলায়েতি

পরমাণু সমঝোতা বহাল রেখেই ইরানের পরমাণু কর্মসূচিকে শক্তিশালী করার জন্য কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। এ সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি এসব প্রস্তাব তুলে ধরলেন।

আলী আকবর বেলায়েতি বুধবার তেহরানে এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড (ইউএফ৬) উৎপাদনের প্রস্তাব দিয়ে বলেন, “আমরা ইউএফ৬ উৎপাদন করতে পারি যা ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসে রূপান্তরিত হয়ে সমৃদ্ধকরণের জন্য ইউরেনিয়ামকে ঘোরাতে পারে।”

বেলায়েতির দ্বিতীয় প্রস্তাব হচ্ছে জাহাজ ও সাবমেরিনে ব্যবহার উপযোগী শক্তিশালী পারমাণবিক ইঞ্জিন ব্যবহারে গতি আনা এবং স্থিতিশীল আইসোটপ উৎপাদন করা। তিনি বলেন, এ ধরনের ইঞ্জিনসমৃদ্ধ সাবমেরিন একটানা দুই বছর পর্যন্ত পানির নীচে অবস্থান করতে পারে। কিন্তু অন্যান্য জ্বালানি চালিত সাবমেরিনকে কয়েকদিন পরপর পানির উপরে ভেসে উঠতে হয়।

ইরানে উৎপাদিত 'ফাতেহ' শ্রেণির সাবমেরিন (ফাইল ছবি)

আলী আকবর বেলায়েতি বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন না করেই এসব পদক্ষেপ নেয়া সম্ভব। তিনি বলেন, “আমরা স্থিতিশীল আইসোটপ তৈরি করে আমাদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারি যা পরমাণু অস্ত্র তৈরিতে কাজে লাগে না।”

ইরানের সর্বোচ্চ নেতার এ সিনিয়র উপদেষ্টা পরমাণু তৎপরতায় কার্বন ফাইবার ব্যবহারের প্রস্তাবও তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন। তার ওই ঘোষণার পর এরইমধ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে ওয়াশিংটন।

এদিকে ইউরোপীয় দেশগুলো আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইরানকে এ সমঝোতায় টিকে থাকার আহ্বান জানিয়েছে। এ ব্যবস্থায় এ সমঝোতা বজায় রেখে ইরান কীভাবে নিজের পরমাণু কার্যক্রমকে শক্তিশালী করতে পারে তার একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরলেন আলী আকবর বেলায়েতি। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১