হুমকি বহাল থাকা অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান
-
বাহরাম কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, প্রাচীন সভ্যতার অধিকারী দেশ ইরানের সঙ্গে আমেরিকা যতদিন হুমকি ও নিষেধাজ্ঞার ভাষায় কথা বলবে ততদিন মার্কিন সরকারের সঙ্গে কোনো বিষয়ে কোনো ধরনের সংলাপে বসবে না তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন ব্যাপকভিত্তিক সমঝোতায় পৌঁছার যে আশা ব্যক্ত করেছেন তার প্রতিক্রিয়ায় কাসেমি শুক্রবার একথা বলেন। তিনি বলেন, ইরানি জনগণ ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় প্রমাণ করেছে, তারা হুমকি-ধমকির মোকাবিলায় নিজেদের বিচক্ষণ ও প্রজ্ঞাপূর্ণ অবস্থানে পরিবর্তন আনেনি এবং ভবিষ্যতেও আনবে না।
তিনি বলেন, ইরানের সঙ্গে আরেকটি সমঝোতায় পৌঁছার আশা বাদ দিয়ে ট্রাম্পের উচিত বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে চুক্তি লঙ্ঘন, চাপ প্রয়োগ, নিষেধাজ্ঞা আরোপ ও একরোখা নীতি পরিহার করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে তার দেশসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একরতফাভাবে আমেরিকাকে প্রত্যাহার করে নেন। ওই সমঝোতায় ‘মারাত্মক ত্রুটি’ রয়েছে বলে দাবি করে সেসব ত্রুটি সংশোধন করে ইরানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরের আশা ব্যক্ত করেছেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজের প্রতিশ্রুতি ভঙ্গ, চুক্তি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন পদদলিত করার ইতিহাসে নয়া কলঙ্ক যোগ করেছে।
কাসেমি বলেন, ইরানের সরকার ও জনগণ গত ৪০ বছরে আমেরিকার বিভিন্ন সরকারের হুমকি ও নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও কখনোই বলপ্রয়োগের ভাষার সামনে নতজানু হয়নি এবং এবারও হবে না। মার্কিন সরকার এবার ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে উল্লেখ করেন ইরানের এই মুখপাত্র। তিনি বলেন, আমেরিকার এ নীতি প্রকৃত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত ইরানি জাতির স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখার অবস্থানে বিন্দুমাত্র ফাটল ধরাতে পারবে না। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯