পুতিনের বিশেষ দূত আসছেন ইরানে
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ
তেহরান সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ। আজ (বুধবার) দিন শেষে তার তেহরানে পৌঁছানোর কথা রয়েছে।
সম্প্রতি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে একান্ত বৈঠকে করেছেন সে সম্পর্কে ইরানি নেতাদেরকে অবহিত করার জন্য পুতিন তার বিশেষ দূত পাঠাচ্ছেন। রাশিয়ার একটি নিউজ চ্যানেল এ খবর দিয়েছে।
গত সোমবার পুতিন ও ট্রাম্প হেলসিংকিতে বৈঠক করেন। ওই বৈঠকের সময় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার যে আলোচনা হয়েছে সেই আলোচনাকারী দলের সদস্য ছিলেন আলেকজান্ডার ল্যাভরেন্তিয়েভ। সিরিয়ায় ইরানি সামরিক কর্মকর্তাদের উপস্থিতির বিষয় নিয়ে হেলসিংকি বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রুশ টেলিভিশন চ্যানেলটি। তবে এ ইস্যুতে কী আলোচনা হয়েছে তা জানা যায় নি।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের আহ্বানে ইরান সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং সবসময় বলে আসছে সিরিয়া বললেই কেবল ইরান সামরিক উপদেষ্টাদের দেশে ফেরত আনবে; অন্য কারো চাপে নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮