পরমাণু তথ্য চুরি করার ইসরাইলি দাবি হাস্যকর ও ভুয়া: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i60186-পরমাণু_তথ্য_চুরি_করার_ইসরাইলি_দাবি_হাস্যকর_ও_ভুয়া_ইরান
ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ গোপন তথ্য চুরি করেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তাকে নিতান্তই হাস্যকর এবং ভুয়া বলে নাকচ করে দিয়েছে তেহরান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৯, ২০১৮ ১৭:০১ Asia/Dhaka
  • পরমাণু তথ্য চুরি করার ইসরাইলি দাবি হাস্যকর ও ভুয়া: ইরান

ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ গোপন তথ্য চুরি করেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তাকে নিতান্তই হাস্যকর এবং ভুয়া বলে নাকচ করে দিয়েছে তেহরান।

জাতিসংঘে ইরানের কূটনৈতিক মিশনের মুখপাত্র আলীরেজা মিরইউসেফি সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্র থেকে হলিউডের সিনেমা স্টাইলে মোসাদ এজেন্টদের চুরি করা গোপন তথ্য বিষয়ক যে খবরটি আমেরিকার নিউইয়র্ক টাইমসসহ আরো কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আলীরেজা মিরইউসেফি

নেতানিয়াহু  গত এপ্রিলে কিছু ছবি, সিডি ও কাগজ টেলিভিশন ক্যামেরার সামনে তুলে ধরে দাবি করেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। ইসরাইলের কাছে থাকা শত শত পরমাণু অস্ত্রের ভাণ্ডারের কথা চেপে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ইরান বিশ্বকে মিথ্যা বলেছে এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচিকে গোপন রাখার প্রচেষ্টা জোরদার করছে। নেতানিয়াহু দাবি করেন যে ইসরাইলি এজেন্টরা পারমাণবিক কেন্দ্রের ভল্ট থেকে ৫৫ হাজার পৃষ্ঠার নথি, ১৮৩টি সিডিতে ভরা ৫৫ হাজার নকশা, ভিডিও ও বিভিন্ন তথ্যে সম্বলিত প্রায় আধা টনের গোপন তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার কিছু দিন আগে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে এসব হাস্যকর ও প্রতারণাপূর্ণ তথ্য হাজির করেন। ইরান আবারো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় নেতানিয়াহু এমন দাবি বিশ্বের কাছে তুলে ধরার পরই ট্রাম্পের পক্ষ থেকে চুক্তি বাতিলের ঘোষণা আসে। পারমাণকি কেন্দ্র থেকে তথ্য চুরি করার লক্ষ্যে মোসাদ এজেন্টদের কথিত অভিযানের খবরটি গত ১৫ জুলাই নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। পুরো অভিযান শেষ করতে ছয় ঘণ্টা ২৯ মিনিট সময় লেগেছিল বলে সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে।

ইরানের মুখপাত্র মিরইউসেফি এই ঘটনাকে পুরোপুরি প্রতারণাপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেন, তেহরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার লক্ষ্যে নেতানিয়াহু এসব শিশুসুলভ নাটক সাজাচ্ছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/আশরাফুর রহমান/১৯