ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/iran-i60236-ইরানে_অনুষ্ঠিত_আন্তর্জাতিক_জীববিজ্ঞান_অলিম্পিয়াডে_ব্রোঞ্জ_জয়_করেছে_বাংলাদেশ
ইরানে অনুষ্ঠিত ২৯তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮-তে ব্রোঞ্চ জয় করেছে বাংলাদেশের প্রতিযোগী অদ্বিতীয় নাগ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৮ ২০:২৮ Asia/Dhaka
  • অদ্বিতীয় নাগ
    অদ্বিতীয় নাগ

ইরানে অনুষ্ঠিত ২৯তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮-তে ব্রোঞ্চ জয় করেছে বাংলাদেশের প্রতিযোগী অদ্বিতীয় নাগ।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের আর যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন বায়োজিদ মিয়া, তামজিদ হোসাইন তানিম, প্রকৃতি প্রজুতি তুষ্টি। এবারে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিযোগীদের মধ্যে বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ অদ্বিতীয়। তেহরানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয় এবং পদক বিতরণ করা হয়। ইরানের শিক্ষামন্ত্রী ড. সাইয়্যেদ মোহাম্মদ বাত্তাহির হাত থেকে পদক নেন অদ্বিতীয়।

পদক গ্রহণের পর অদ্বিতীয়

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে এই প্রথমবারের মতো কোনো পদক পেল বাংলাদেশ।  এদিকে, ইরানে এবারই প্রথম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৭১টি দেশ অংশগ্রহণ করছে। প্রতি দেশ থেকে চার জন প্রতিযোগী এবং দুইজন লিডার অংশ নিয়েছেন। অবশ্য কোনো কোনো দেশ থেকে কয়েকজন জুরিও অংশগ্রহণ করেছেন। এবারের প্রতিযোগিতার মাধ্যমে রেকর্ড সৃষ্টি হয়েছে। আইবিও'র ৭৮ সদস্য দেশের মধ্যে ৭১ জন এবারের ১৭ জুলাই থেকে শুরু হওয়া সাত দিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এবারের প্রতিযোগিতায় ইরান দুটো সোনা, একটা রূপা এবং একটা ব্রোঞ্জ পদক অর্জন করেছে। সোনাজয়ী ইরানি প্রতিযোগীরা হলেন পারমিদা পেজেসকি এবং নিকান আমিরখানি। রূপা ও ব্রোঞ্জজয়ীরা হলেন যথাক্রমে সারা মোহাম্মদী ও মেহেদি মাসরুর। এদিকে এবারের প্রতিযোগিতায় চীন ৪, তাইওয়ান ৪ সোনা জয় করেছে। অন্যদিকে ৩ সোনা এবং একটি রূপা জয় করেছে ভিয়েতনাম।

ওয়াশিংটনের সৃষ্ট সমস্যার কারণে ইরানের চলমান আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮'এ অংশ নিতে পারেনি আমেরিকার প্রতিযোগিতারা। তেহরানের শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড বা আইবিও ২০১৮-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আগা মিরি রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন।

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২১