পারস্য উপসাগরে সামরিক মহড়া চালানো হয়েছে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i60602-পারস্য_উপসাগরে_সামরিক_মহড়া_চালানো_হয়েছে_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা চলতি সপ্তাহে পারস্য উপসাগরে একটি সামরিক মহড়া চালিয়েছে। কৌশলগত সমুদ্রপথের নিরাপত্তা এবং সেখানে শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলার লক্ষ্যে এ মহড়া চালানো হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে সামরিক মহড়া চালানো হয়েছে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা চলতি সপ্তাহে পারস্য উপসাগরে একটি সামরিক মহড়া চালিয়েছে। কৌশলগত সমুদ্রপথের নিরাপত্তা এবং সেখানে শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলার লক্ষ্যে এ মহড়া চালানো হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে।

আজ (রোববার) আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ বলেছেন, বিপ্লবী গার্ড বাহিনীর নিয়মিত বার্ষিক মহড়া চালানোর কর্মসূচির আওতায় কৌশলগত আন্তর্জাতিক সমুদ্রপথের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যই ওই মহড়া চালানো হয়েছে।  

কমান্ডার রামেজান শরিফ বলেন, আইআরজিসির প্রধান মেজর জেনারেল আলী জাফারি পারস্য উপসাগরে তার বাহিনীর সামরিক মহড়ার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং মহড়ায় নৌ এবং বিমান ইউনিটের কার্যক্রমের প্রশংসা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আইআরজিসির প্রধান মেজর জেনারেল আলী জাফারি

আইআরজিসি গত মাসে এক বিবৃতিতে জানিয়েছিল যে ইরানের তেল রপ্তানির ব্যাপারে প্রেসিডেন্ট হাসান রুহানি সম্প্রতি যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করতে এই বাহিনী প্রস্তুত রয়েছে।

ইরানকে তেল রপ্তানি করতে দেয়া হবে না বলে আমেরিকা হুমকি দেয়ার পর প্রেসিডেন্ট রুহানি গত মাসে সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট অ্যালায়েন বেরসেতের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইরানকে তেল রপ্তানি করতে না দিলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/৫