ইরানে পৌঁছাল আরো ৫ এটিআর যাত্রীবাহী বিমান (ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i60606-ইরানে_পৌঁছাল_আরো_৫_এটিআর_যাত্রীবাহী_বিমান_(ভিডিও)
ইউরোপীয় বিমান নির্মাণকারী কোম্পানি এটিআর-এর কাছ থেকে আরো পাঁচটি যাত্রীবাহী বিমান গ্রহণ করেছে ইরান। আজ (রোববার) সকালে বিমানগুলো তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১৩:৫০ Asia/Dhaka

ইউরোপীয় বিমান নির্মাণকারী কোম্পানি এটিআর-এর কাছ থেকে আরো পাঁচটি যাত্রীবাহী বিমান গ্রহণ করেছে ইরান। আজ (রোববার) সকালে বিমানগুলো তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার একদিন আগে এসব বিমান হাতে পেল তেহরান। বিমানগুলো গতরাতে ফ্রান্সের তুলুজ শহর থেকে উড্ডয়ন করে। এই নিয়ে ইরানের জাতীয় বিমান পরিবহন সংস্থা- ইরান এয়ার এটিআর-এর কাছ থেকে ১৩টি যাত্রীবাহী বিমান গ্রহণ করল।

ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এটিআর-এর সঙ্গে গত এপ্রিলে ইরান এক চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ৪০ কোটি ডলার মুল্যে ইরানকে ২০টি বিমান সরবরাহ করতে সম্মত হয় ইউরোপের কোম্পানিটি।

একটি এটিআর যাত্রীবাহী বিমান (ফাইল ছবি)

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার ফলে তেহরানের ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর ফলে বিদেশ থেকে বিমান কেনার পথ সুগম হয় এবং তারই জের ধরে ইরানকে বিমান সরবরাহের চুক্তি করে এটিআর।

কিন্তু গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে পরবর্তী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করার ঘোষণা দেন। এসব নিষেধাজ্ঞার প্রথম পর্ব আগামীকাল ৬ আগস্ট থেকে শুরু হবে যাতে স্বর্ণসহ এ ধরনের মূল্যবান পদার্থকে টার্গেট করা হয়েছে। এ ছাড়া, ইরানের তেল বিক্রির ওপর আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোটায় নামিয়ে আনা হবে তাদের লক্ষ্য। তবে ইরানের কাছ থেকে তেল আমদানিকারক দেশগুলো এরইমধ্যে জানিয়ে দিয়েছে, তারা যেকোনো মূল্যে তেহরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫