আইআরজিসি'র অভিযানে ১১ সন্ত্রাসী নিহত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি বলেছে, তারা অভিযান চালিয়ে ইরাক সীমান্তে সন্ত্রাসীদের একটি গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। অভিযানে এদের ১১ সদস্য নিহত হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে।
আইআরজিসি তার হামজা সাইয়্যেদ আস-শুহাদা সামরিক ঘাঁটি থেকে এক বিবৃতিতে জানিয়েছে যে তারা গত শুক্রবার এ সন্ত্রাসী গোষ্ঠীর ওপর অভিযান চালায়। সন্ত্রাসীরা পশ্চিম আজারবাইজান প্রদেশের ওসনাভিয়ে কাউন্টি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে ধ্বংস করা হয় বলে বিবৃতিতে তারা উল্লেখ করেছে।
আইআরজিসি এ গোষ্ঠীটিকে আন্তর্জাতিক বলদর্পী এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় একটি সুসজ্জিত বাহিনী হিসেবে আখ্যায়িত করেছে। এসব সন্ত্রাসী ইরানের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টির পাশাপাশি অনিরাপদ পরিবেশ তৈরির পরিকল্পনা নিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল বলেও আইআরজিসি তার বিবৃতিতে উল্লেখ করেছে। এছাড়া, অভিযানে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও আইআরজিসি তার বিবৃতিতে জানিয়েছে। #
পার্সটুডে/বাবুল আখতার/১১