ইরাকে ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর নাকচ করে দিয়েছে ইরান
-
বাহরাম কাসেমি
ইরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান কিছু পশ্চিমা গণমাধ্যমের এ দাবিকে উদ্ভট, অর্থহীন ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে।
গতকাল (শনিবার) পশ্চিমা বার্তা সংস্থা রয়টার্স কোনো কোনো ইরাকি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, ইরান ইরাকে নিজের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।
এ ভিত্তিহীন খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, কিছু চিহ্নিত মহল ও কিছু গণমাধ্যম ইরান থেকে ইরাকে ক্ষেপণাস্ত্র পাঠানোর যে দাবি করেছে তার বিন্দুমাত্র ভিত্তি নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ইরানকে ভীতিকর হিসেবে তুলে ধরার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কাসেমি আরো বলেন, এ ধরনের খবর প্রচারকারী মহল ও বার্তা সংস্থা সাধারণত হাসির পাত্রে পরিণত হয়। ইরানের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নস্যাত করার অশুভ লক্ষ্যে এ ধরনের খবর পরিবেশন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২