বাহরাইনে কথিত ইরানি নাগরিকদের গ্রেফতার সম্পর্ক যা বলল তেহরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
জাল পাসপোর্ট নিয়ে বাহরাইনে ১৪ ইরানি নাগরিকের অনুপ্রবেশ সম্পর্কে মানামা যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, বাহরাইন নিজের দাবি সম্পর্কে এখন পর্যন্ত ইরানের কাছে কোনো তথ্য বা দলিল পেশ করেনি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি অভিযোগ করেছে, ১৪ ইরানি নাগরিক ভুয়া নাম ও জাল পাসপোর্ট নিয়ে দেশটিতে প্রবেশ করেছিল এবং তাদেরকে আটক করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ওই খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, মানামা সরকার এ সংক্রান্ত কোনো তথ্য তেহরানকে সরবরাহ না করায় ইরান এ অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারছে না।
তিনি বলেন, আটক ব্যক্তিরা ইরানের নাগরিক বলে যে দাবি করা হচ্ছে তার সত্যতা নিশ্চিত করার জন্য আরো বেশি তথ্য প্রয়োজন। কাজেই উপযুক্ত দলিল-প্রমাণ ছাড়া এ সম্পর্কে এর চেয়ে বেশি মন্তব্য করা সম্ভব নয়।
কাসেমি বলেন, বেশ কয়েক বছর ধরে বাহরাইন ও ইরানের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। কাজেই বাহরাইন বর্তমানে ইরানি নাগরিকদের কোনো ধরনের ভিসা দেয় না বলে এদেশের নাগরিকদের পক্ষে বাহরাইনে প্রবেশ করা সম্ভব নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০