‘পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকা সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i64572-পরমাণু_সমঝোতা_ইস্যুতে_আমেরিকা_সম্পূর্ণ_একঘরে_হয়ে_পড়েছে’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে নিউ ইয়র্কে পাঁচ জাতিগোষ্ঠীর বৈঠকের ফলে আমেরিকার একঘরে হয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে। তিনি মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ০২:৪৩ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে নিউ ইয়র্কে পাঁচ জাতিগোষ্ঠীর বৈঠকের ফলে আমেরিকার একঘরে হয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে। তিনি মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।

সাইয়্যেদ আরাকচি লিখেছেন, ইরান বিরোধী নাটক মঞ্চস্থ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করার আগেই এ বৈঠকে ইউরোপ, চীন ও রাশিয়া তেহরানের প্রতি তাদের সুস্পষ্ট সমর্থন ঘোষণা করেছে।

বৈঠক থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। আরাকচি বলেন, ওই বিবৃতিতে আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের তেলবিক্রি স্বাভাবিক রাখতে এবং ইরানের সঙ্গে ব্যাংকিং চ্যানেলে লেনদেন শুরু করতে একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

সোমবারের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মোগেরিনি ও জারিফ

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন এবং দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব কমানোর লক্ষ্যে সোমবার রাতে নিউ ইয়র্কে বৈঠক করেন ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও  ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি যৌথভাবে বৈঠকে সভাপতিত্ব করেন।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় মধ্যস্থতা করেছিলেন মোগেরিনি।  গত মে মাসে আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে গেলে অবশিষ্ট পাঁচ জাতিগোষ্ঠী সমঝোতা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বার্ষিক অধিবেশনের অবকাশে নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে ঘোষণা করেছেন। ওই বৈঠকে মূলত ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬