এটা ছিল আঙুলের খোঁচা, আসল হামলাও হবে: ইরান
-
মোহসেন রেজায়ি
ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের আহওয়াজে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জন্য আরও বড় ধরণের আঘাত অপেক্ষা করছে। আজ (সোমবার) সিরিয়ায় সন্ত্রাসী ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এ কথা বললেন।
মোহসেন রেজায়ি বলেন, আজ যে হামলা চালানো হয়েছে, তা আঙুলের খোঁচা দেওয়ার মতো একটি ঘটনা। এরপর হবে আসল হামলা। তবে হামলার ধরণ ও দিন-ক্ষণ নিয়ে তিনি কোনো কথা বলেন নি।
ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহসেন রেজায়ি এক সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজে সন্ত্রাসী হামলায় ২৫ জন ইরানি শহীদ ও ৬৯ জন আহত হয়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আল-আহওয়াজিয়া ও দায়েশ। এর প্রতিশোধ হিসেবে আজ ওই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী কমান্ডারদের ঘাঁটিতে হামলা চালানো হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১