এবারও মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে। কারণ এর আগেও ইরান বহুবার গণপ্রতিরোধ ও সুপরিকল্পনার মাধ্যমে মার্কিনীদের পরাজিত করেছে। এবারও ইরানের জনগণ সাহসিকতা ও সহযোগিতার মাধ্যমে আমেরিকাকে পরাজিত করতে সক্ষম হবে।
আজ (রোববার) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পরমাণু কর্মসূচির কারণে আমেরিকা কোণঠাসা হয়ে পড়েছে এবং ইরানের ন্যায্য অবস্থান পরিষ্কার হয়েছে। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইলের অপকর্মগুলো আবারও সবার সামনে স্পষ্ট হয়ে পড়েছে।
তিনি বলেন, আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির আসনে বসার পর এই পরিষদকে ইরানের ওপর চাপ বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। এই পরিষদ আমেরিকার একপেশে নীতির বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে বলে তিনি জানান।
গত ২৬ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দাবি করেন, ইরান সরকারের আচরণে পরিবর্তন ও দেশটি যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে তারা। কিন্তু পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যরা পরমাণু কর্মসূচি থেকে সরে যাওয়ায় আমেরিকার সমালোচনা করেছে এবং পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন