আমেরিকা বেশি দিন ইরানবিরোধী নীতি অব্যাহত রাখতে পারবে না: ড. রুহানি
-
ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা বেশি দিন ইরানবিরোধী নীতি অব্যাহত রাখতে পারবে না। আজ (সোমবার) ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অর্থনীতি বিষয়ক এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রুহানি বলেন, ইরান অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার কারণে আমেরিকা বেশি দিন ইরানবিরোধী নীতি অব্যাহত রাখতে পারবে না। এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যে, আরও কঠিন পরিস্থিতিতেও দেশে প্রয়োজনীয় মৌলিক পণ্যের ঘাটতি দেখা দেবে না, কোনো সমস্যা হবে না।
এ সময় দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে আন্তরিকভাবে পরামর্শ ও পরিকল্পনা পেশ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি। আজকের বৈঠকেও ইরানের অর্থনীতিবিদ ও অধ্যাপকরা সমস্যা সমাধানে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের শত্রুরা মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধে পরাজিত হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫