সীমান্তরক্ষীদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিন: পাকিস্তানকে ইরান
-
বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারে ইসলামাবাদ যথোপযুক্ত ও ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তেহরান আশা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জারিফ অপহৃত ইরানি নাগরিকদের অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বাহরাম কাসেমি বলেন, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার ফলে খুব শিগগিরই একটি ইতিবাচক ফল বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
গত ১৫ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ইরানের ১৪ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে গেছে। পাকিস্তান সরকার এসব সীমান্তরক্ষীকে উদ্ধারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত সে আশ্বাস বাস্তবায়ন করতে পারেনি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪