ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞাকে 'না' বলুন: ডি-৮কে জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i65531-ইরান_বিরোধী_মার্কিন_নিষেধাজ্ঞাকে_'না'_বলুন_ডি_৮কে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তেহরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা না মানতে অর্থনৈতিক সহযোগিতা ফোরাম ডি-৮ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৩, ২০১৮ ১৫:২৭ Asia/Dhaka
  • ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞাকে 'না' বলুন: ডি-৮কে জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তেহরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা না মানতে অর্থনৈতিক সহযোগিতা ফোরাম ডি-৮ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তুরস্কের আনাতোলিয়া শহরে অনুষ্ঠিত ডি-৮ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ১৮তম অধিবেশনে দেয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী জারিফ এ আহ্বান জানান। জারিফ বলেন, বিশ্ব অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণ হচ্ছে একক আধিপত্য, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা এবং নিষেধাজ্ঞা। বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর নেতিবাচক পদক্ষেপের বিপরীতে বহুমুখী বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন জারিফ। তিনি বলেন, একতরফা বাণিজ্যিক পদক্ষেপ, পাল্টাপাল্টি পদক্ষেপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে বিপদের মুখে ঠেলে দেয়ার পাশাপাশি বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, এসব বাস্তবতার পরিপ্রেক্ষিতে ডি-৮'র ধারার অধীনে আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বহুপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও শক্তিশালী করা প্রয়োজনীয় হয়ে পড়েছে।

তিনি বলেন, "ডি-৮ ভুক্ত দেশগুলোকে বৃহত্তম অর্থনৈতিক জোটে যোগদান করতে হবে। তাদেরকে একতরফা নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বিশেষ করে কোনো দেশের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞাকে অস্বীকার করার পাশাপাশি যেকোনো দায়িত্বজ্ঞানহীন এবং অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।"

উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ডি-৮ সংস্থা। এই সংস্থার সদস্য দেশগুলো হলো ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর এবং নাইজেরিয়া।অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর অবস্থান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/৩