মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে দেব: ইরানি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i65583-মার্কিন_নিষেধাজ্ঞা_ভেঙে_দেব_ইরানি_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ ও মিত্ররা মিলে মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা ভেঙে দেবে। ইরান-বিরোধী দ্বিতীয় ধাপের মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার পরপরই তিনি একথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৮ ১২:৫৯ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ ও মিত্ররা মিলে মার্কিন সরকারের আরোপ করা নিষেধাজ্ঞা ভেঙে দেবে। ইরান-বিরোধী দ্বিতীয় ধাপের মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার পরপরই তিনি একথা বললেন।

ইরানের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আজ (সোমবার) এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমাদের খুব ভালোভাবে এই নিষেধাজ্ঞা ভাঙতে হবে এবং আমরা তা করব।”

প্রেসিডেন্ট রুহানি বলেন, “জনগণের সহায়তায় এবং সমাজের বিরাজমান ঐক্যের মাধ্যমে আমরা মার্কিনীদেরকে বুঝিয়ে দেব যে, তাদের অবশ্যই মহান ইরানি জাতির সঙ্গে শক্তি, চাপ ও হুমকির ভাষায় কথা বলা উচিত না। এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদেরকে অবশ্যই একসময় শাস্তির মুখে পড়তে হবে।” তিনি বলেন, মার্কিন এই নিষেধাজ্ঞায় ইউরোপও ক্ষুব্ধ।

Image Caption

ইরানের জাহাজ চলাচল, তেলবিক্রি ও কেন্দ্রীয় ব্যাংক এবং বেশ কয়েকজন ব্যক্তিকে লক্ষ্য করে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে তাদেরকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং আগস্ট মাসে ইরানের ওপর প্রথম দফার নিষেধাজ্ঞা দেন।#

পার্সটুডে/এসআইবি/৫