অপহৃতদের মধ্যে ৫ সেনা মুক্তি পেয়েছে: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i65833-অপহৃতদের_মধ্যে_৫_সেনা_মুক্তি_পেয়েছে_আইআরজিসি_প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, গত মাসে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক অপহৃত ইরানের ১২ জন নিরাপত্তা কর্মীর মধ্যে পাঁচ জন মুক্তি পেয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৫, ২০১৮ ১৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, গত মাসে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক অপহৃত ইরানের ১২ জন নিরাপত্তা কর্মীর মধ্যে পাঁচ জন মুক্তি পেয়েছে।

মেজর জেনারেল জাফারি আজ (বৃহস্পতিবার) বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীর কবল থেকে মুক্ত হওয়া সেনারা এখন পাকিস্তানে রয়েছে এবং খুব শিগগিরই তারা স্বদেশে ফিরে আসবেন। এছাড়া আটক অন্য সেনাদের মুক্তি নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গত ১৫ অক্টোবর ইরানের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুসিস্তান প্রদেশের মিরজাভেহ শহরের কাছ থেকে পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ইরানের ১২ জন নিরাপত্তাকর্মীকে অপহরণ করে নিয়ে যায়।

জাফারি বলেন, অপহরণকারীরা ইরানের কারাগারে আটক বেশ কিছু সন্ত্রাসীদেরকে আটক ইরানি সৈন্যদের সঙ্গে মুক্তি বিনিময় করার চেষ্টা করছে। তিনি বলেন, তাদের এ প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।    

আটক ইরানি সৈন্যদের দ্রুত মুক্তি তরান্বিত করার লক্ষ্যে গত কয়েক সপ্তাহ থেকে ইরানি সামরিক এবং সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। এছাড়া, অপহৃত সৈন্যদের মুক্তির জন্য ইসলামাবাদের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রস্তাব দিয়েছে ইরান।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫