আমেরিকার সঙ্গে আলোচনা কোনো ফল বয়ে আনবে না: ইরান
-
জাওয়াদ জারিফ
আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকারকে বিশ্বাস করা যায় না এবং তার সঙ্গে আলোচনা কোনো ফল বয়ে আনবে না।
রোমে ভূমধ্যসাগর বিষয়ক এক সংলাপে অংশগ্রহণ করতে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতালির দৈনিক ‘কুরিরা দেলাসেরা’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে সরকার এই সমঝোতার মতো একটি আন্তর্জাতিক চুক্তি থেকে অতি সহজে বেরিয়ে যেতে পারে তার সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছেন বলে জানান জাওয়াদ জারিফ। তিনি বলেন, আলোচনার মাধ্যমে আবার চুক্তি করলে আমেরিকা যে তা থেকেও বেরিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান স্পর্শকাতর সময়ে ইউরোপীয় দেশগুলোর উচিত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে পরমাণু সমঝোতা রক্ষার জন্য দৃঢ় প্রচেষ্টা চালানো যাতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিতে পারে।
ইয়েমেনসহ অন্যান্য আঞ্চলিক ইস্যুতে সৌদি আরবের সঙ্গে ইরানের মতপার্থক্য সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, তেহরান মনে করে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সেদেশের চলমান সংকটের সমাধান করা যেতে পারে; যদিও রিয়াদ তা মনে করে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭