ইরান সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i66961-ইরান_সবসময়ই_ফিলিস্তিনি_জনগণের_পাশে_থাকবে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সমর্থন দিয়ে যাবে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ১২:৪৯ Asia/Dhaka
  • ইরান সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ সবসময়ই ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সমর্থন দিয়ে যাবে।

তিনি তেহরানে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব যিয়াদ আল নাখালকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন। জারিফ আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া ইরানের পররাষ্ট্র নীতির অন্যতম একটি নীতি। এ সাক্ষাতে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিবও ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনিদের আদর্শের প্রতি সত্যিকারের সমর্থক হচ্ছে ইরান।

কিছুদিন আগে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়ার এক চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়াকে ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র উপায়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, জুলুমবাজ ও দখলদার স্বৈরসরকারের সঙ্গে আলোচনার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিজয়কে পিছিয়ে দেয়া। তিনি বলেন, আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমিতে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই এবং ফিলিস্তিন সংকট মুসলিম উম্মাহর প্রধান সমস্যা।

পর্যবেক্ষকরা বলছেন, অসহায় ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থন দেয়া, ফিলিস্তিন থেকে দখলদার ইসরাইলকে উৎখাতে সব রকম সহযোগিতা দেয়া এবং স্বাধীন ফিলিস্তিনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন দেয়া মুসলিম দেশগুলোর ধর্মীয় ও জাতীয় নেতাদের দায়িত্ব। ইরানের সংবিধানের ১৫২ ও ১৫৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিশ্বের যেকোনো প্রান্তে জুলুম ও অত্যাচারের মোকাবেলায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ইরানের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রকৃতপক্ষে, দখলদার ইসরাইলের কবল থেকে বায়তুল মোকাদ্দাসকে উদ্ধার করতে হলে অবশ্য মুসলিম দেশগুলোর পররাষ্ট্র নীতিতে এ বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। এটা ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। এ অবস্থায় ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিবর্তে যে পদক্ষেপই নেয়া হোক না কেন তা সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ইরানের পররাষ্ট্র নীতিতে ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তা হাসান হানি যাদেহ বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা কিন্তু তারপরও সৌদি আরব ফিলিস্তিন বিষয়টিকে সবার দৃষ্টি থেকে আড়াল করার কিংবা ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে।

কিন্তু বাস্তবতা হচ্ছে, নিজ মাতৃভূমি থেকে উৎখাত করে ফিলিস্তিনিদের ওপর যে জুলুম নির্যাতন চলছে তা কখনো ভুলে যাবার মতো নয়। দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে জোরদার হয়েছে। তারা ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরাইলকে তার লক্ষ্য বাস্তবায়নের কোনো সুযোগই দেবে না ফিলিস্তিনিরা। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩০