ফিলিস্তিনিদের অধিকার অর্জনের একমাত্র পথ প্রতিরোধ: ইরানি প্রেসিডেন্ট
-
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালার সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি (ডানে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার অর্জনের একমাত্র পথ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়া। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার অর্জন ও বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সব মুসলিম দেশকে সমর্থন দিতে হবে।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালার সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, মরহুম ইমাম খোমেনীর নেতৃত্বে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরান ফিলিস্তিনিদের অধিকার আদায়ের ক্ষেত্রে একনিষ্ঠ সমর্থক হিসেবে কাজ করে আসছে।
গত ৭০ বছর ধরে ফিলিস্তিনিরা দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে দৃঢ় সংগ্রাম চালিয়ে আসছেন তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত ফিলিস্তিনের এ সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে জিহাদ আন্দোলনের মহাসচিব নাখালা ফিলিস্তিনের চলমান অবস্থা ও ঘটনাবলী প্রেসিডেন্ট রুহানিকে অবহিত করেন। বৈঠকে তিনি ফিলিস্তিনিদের সংগ্রাম করার সক্ষমতা সম্পর্কেও ইরানি প্রেসিডেন্টকে ধারণা দেন। নাখালা বলেন, নিঃসন্দেহে ইরানের সমর্থন ও অনুসৃত নীতি ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২