ইরানের দক্ষিণ-পূর্বে আত্মঘাতী হামলায় ২৭ সেনা শহীদ, আহত ১৩
https://parstoday.ir/bn/news/iran-i68090-ইরানের_দক্ষিণ_পূর্বে_আত্মঘাতী_হামলায়_২৭_সেনা_শহীদ_আহত_১৩
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ২৭ জন সেনা শহীদ ও ১৩ জন আহত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক বাহিনীর কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ২৩:৩৮ Asia/Dhaka
  • বিস্ফোরণস্থল
    বিস্ফোরণস্থল

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ২৭ জন সেনা শহীদ ও ১৩ জন আহত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক বাহিনীর কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার রাতে খাশ-জাহেদান সড়কে আইআরজিসি'র সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসীরা। বিস্ফোরক-ভর্তি গাড়ির সাহায্যে এ হামলা চালানো হয়। শহীদ ও আহত সেনারা সীমান্তে টহল শেষে ফেরার সময় এ হামলার শিকার হয়। 

কুদস ঘাঁটির বিবৃতিতে আরও বলা হয়েছে, নিজেদের অক্ষমতা ও ব্যর্থতা থেকেই এ ধরণের কাপুরুষোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের গোয়েন্দা বাহিনীগুলোর সহযোগিতায় এ হামলা হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, এ ধরণের হামলা সীমান্ত রক্ষায় ইরানিদের দৃঢ় মনোবলে কোনো পরিবর্তন আনতে পারবে না।

সন্ত্রাসী গোষ্ঠী জেইশে জুলম ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এই গোষ্ঠীটি সালাফি ও ওহাবি মতবাদে বিশ্বাসী এবং সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি এ গোষ্ঠীটির সমর্থন ও সহযোগিতা রয়েছে।#

পার্সটুডে/১৪