পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে: সৌদি ও আমিরাতকে ইরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i68161-পাল্টা_ব্যবস্থার_মুখে_পড়তে_হবে_সৌদি_ও_আমিরাতকে_ইরানের_হুঁশিয়ারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য  সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৪:৫৫ Asia/Dhaka
  • আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য  সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে।

আজ (শনিবার) তিনি জোর দিয়ে বলেন, গত বুধবার ইরানের সিস্তান-বালুচিস্তানে আইআরজিসি’র সদস্যদের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার বিরুদ্ধে তেহরান চূড়ান্ত জবাব দেবে। এ অঞ্চলের ষড়যন্ত্র ও প্রতিক্রিয়াশীল সরকারগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিষয়ে ইরানের ইসলামি সরকার যে ধৈর্যের পরিচয় দিয়ে আসছে তা শেষ হয়ে যাবে এবং অবশ্যই ইরান পাল্টা পদক্ষেপ নেবে। সৌদি আরব ও আমিরাত ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার নির্দেশে কাজ করে বলেও তিনি মন্তব্য করেন।

সন্ত্রাসী হামলায় আইআরজিসি'র সদস্যদের বহনকারী বাস ধ্বংস হয়ে যায়

এছাড়া, বুধবারের হামলায় জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনের নিন্দা করে তিনি এ গোষ্ঠীর প্রতি ইসলামাবাদের অনুসৃত নীতির পরিবর্তনের আহ্বান জানান। জেনারেল জাফারি বলেন, ইসলামি বিপ্লব-বিরোধী এ গোষ্ঠীর প্রতি পাক সরকারের সমর্থন রয়েছে এবং এদের আস্তানা কোথায় ইসলামাবাদ তা জানে।

গত বুধবার ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় আইআরজিসি’র ২৭ সদস্য শহীদ ও ১৩ জন আহত হয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী জেইশে জুলম ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এ গোষ্ঠীটি সালাফি ও ওহাবি মতবাদে বিশ্বাসী এবং সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি এ গোষ্ঠীটির সমর্থন-সহযোগিতা রয়েছে। এ গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।#   

পার্সটুডে/এসআইবি/১৬