টেকসই শান্তির জন্য ইসরাইলি দখলদারিত্বের অবসান জরুরি: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্কিন সরকারের অযৌক্তিক ও বেআইনি সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে যে অপরাধমূলক তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
তেহরান বলেছে, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকা দরকার এবং মধ্যপ্রাচ্যে শান্তি টেকসই করার ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরান এও বলেছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম হবে ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী।
ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সমস্ত ফিলিস্তিনি উদ্বাস্তু মাতৃভূমিতে ফেরা এবং গণভোটের মাধ্যমে তাদের শাসন ব্যবস্থা ঠিক করার জন্য প্রতিরোধ অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। ১৯৭৬ সালের এই দিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে ইহুদিবাদী সেনারা ছয় ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে। এছাড়া, অন্তত ২০০ ব্যক্তি আহত হন এবং শত শত ফিলিস্তিনিকে আটক করা হয়। এরপর থেকে দেশে-বিদেশে অবস্থানরত ফিলিস্তিনিরা দিবসটি পালন করে আসছেন।#
পার্সটুডে/এসআইবি/এআর/৩০