ইরানের ওপর নিষেধাজ্ঞা: আমেরিকার কাছে ব্যাখ্যা চাইল আন্তর্জাতিক বিচার আদালত
https://parstoday.ir/bn/news/iran-i69265-ইরানের_ওপর_নিষেধাজ্ঞা_আমেরিকার_কাছে_ব্যাখ্যা_চাইল_আন্তর্জাতিক_বিচার_আদালত
আন্তর্জাতিক বিচার আদালত মার্কিন সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিকতা ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মার্চ ৩১, ২০১৯ ১৩:২২ Asia/Dhaka
  • আন্তর্জাতিক বিচার আদালত
    আন্তর্জাতিক বিচার আদালত

আন্তর্জাতিক বিচার আদালত মার্কিন সরকারের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিকতা ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছে।

আদালতে ইরানের প্রতিনিধি মোহসেন মোহাব্বি এ ব্যাপারে বলেছেন, গত শুক্রবার পাঠানো ওই চিঠিতে ইরানের খাদ্য, ওষুধ ও বিমানের যন্ত্রাংশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আদালতের নির্দেশনা বাস্তবায়নে ওয়াশিংটন কি পদক্ষেপ নিয়েছে আগামী ১৬মের মধ্যে তা জানাতে বলা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত গত বছর ৩ অক্টোবর ইরানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওষুধ, খাদ্য ও বিমানের যন্ত্রাংশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল। কারণ আমেরিকার এ পদক্ষেপ ছিল ১৯৫৫ সালে স্বাক্ষরিত দু'দেশের মধ্যকার চুক্তির লঙ্ঘন।

ইরানের খাদ্য, ওষুধসহ অন্যান্য মানবিক জরুরি পণ্য সরবরাহের জন্য আকাশ, স্থল ও নৌপথে আমেরিকার নানা ধরণের নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মার্কিন সরকারের আচরণ থেকে বোঝা যায় তারা যেকোনো উপায়ে ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত। ইরানের জনগণকে ক্ষুধার মধ্যে নিক্ষিপ্ত করার জন্য মার্কিন কর্মকর্তাদের হুমকি দেয়া থেকে সারা বিশ্বের কাছে ইরানের জনগণের বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী চরিত্রের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। ইরানের জনগণ গত ৪০ বছর ধরে আমেরিকার মোকাবেলা করে আসছে এবং কোনো চাপের কাছেই আত্মসমর্পণ করেনি।

ইরানের সরকার ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাফল্যের সঙ্গে ইসলামি বিপ্লবের চার দশক অতিক্রম করেছে। এবারও তারা শত্রুর কঠোর নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবে। আমেরিকা নজিরবিহীন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের ইসলামি বিপ্লবী সরকার ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে মানবাধিকারের বিষয়টিকেও তোয়াক্কা করছে না আমেরিকা। সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়ে এখন ইরানের জনগণের বিরুদ্ধে খাদ্য ও ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ অবস্থায় মার্কিন সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অধিকার সব দেশেরই রয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ফের ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করে। অভিযোগ আমলে নিয়ে আদালত ইরানের বিরুদ্ধে আমেরিকার খাদ্য ও ওষুধের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার নির্দেশ দেয়। আদালতের রায়ে বলা হয় ইরানের জনগণের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি। হল্যান্ডে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত আলি রেজা জাহাঙ্গিরি বলেছেন, আদালতের নির্দেশ আমেরিকাসহ সব দেশ মানতে বাধ্য এবং সব দেশের উচিত ইরানের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থেকে সরে দাঁড়ানো।

যাইহোক, আন্তর্জাতিক বিচার আদালতের চিঠির জবাবে মার্কিন সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩১