ইরানকে আবারও আসল চেহারা দেখাচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি!
https://parstoday.ir/bn/news/iran-i69326-ইরানকে_আবারও_আসল_চেহারা_দেখাচ্ছে_ব্রিটেন_ফ্রান্স_ও_জার্মানি!
ইরানের সঙ্গে  ৬ বড় শক্তির পরমাণু সমঝোতার অপব্যাখ্যা করে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে ইউরোপের তিন শক্তি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
এপ্রিল ০৩, ২০১৯ ১৪:০৬ Asia/Dhaka
  • তারা ইরানের দিকে কলা ঝুলিয়ে রাখলেও আসলে ইরানের ওপর মার্কিন হাতুড়ি চালানোর পক্ষেই কাজ করছেন!
    তারা ইরানের দিকে কলা ঝুলিয়ে রাখলেও আসলে ইরানের ওপর মার্কিন হাতুড়ি চালানোর পক্ষেই কাজ করছেন!

ইরানের সঙ্গে  ৬ বড় শক্তির পরমাণু সমঝোতার অপব্যাখ্যা করে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে ইউরোপের তিন শক্তি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে অনুমোদিত ওই সমঝোতাটি ছিল কেবলই পরমাণু বিষয় সম্পর্কিত। 

২০১৫ সালের জুন মাসে স্বাক্ষরিত ওই সমঝোতা থেকে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বেরিয়ে যায় ২০১৮ সালের মে মাসে। ট্রাম্পের কাল্পনিক দাবি ও আবদার হল, ওই সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু তৎপরতা সীমিত হয়নি, বরং চাঙ্গা হয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক নীতির ওপর সীমাবদ্ধতা আরোপ সংক্রান্ত দাবিগুলোসহ মার্কিন সরকারের স্বার্থ ও দাবিগুলো পূরণ হয়নি। 

এখন মার্কিন সরকারের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে ইউরোপের ওই তিন শক্তি বা ট্রয়িকা। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গোত্রেসের কাছে তাদের লেখা চিঠি গতকাল দোসরা এপ্রিল (মঙ্গলবার) প্রকাশ করা হয়েছে। তারা এই চিঠিতে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে রিপোর্ট দেয়ার দাবি জানিয়েছে।

এখনও ইরানের পরমাণু সমঝোতার সমর্থক হবার দাবিদার হয়েও তারা বলছে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিস্তার ঘটিয়ে এবং মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করছে। অথচ ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ইরান যেন পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের তৎপরতা না চালায়, তবে এ আহ্বান মান্য করা ইরানের জন্য বাধ্যতামূলক নয়।

ইরান কখনও কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি বা পরীক্ষা করেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও বলে আসছে যে ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও গত তিন বছরে বার বার বলেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র ও উপগ্রহ কর্মসূচি জাতিসংঘের কোনো প্রস্তাব লঙ্ঘন করেনি। 

ইরান তার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষার বিষয়ে কখনও আলোচনায় বসবে না বলে জানিয়ে আসছে। তেহরান বলছে, পরমাণু সমঝোতার অপব্যাখ্যা বাদ দিয়ে ইউরোপের উচিত এ সমঝোতা থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার জবাব দেয়া এবং অব্যাহত অবৈধ মার্কিন নিষেধাজ্ঞাগুলো মোকাবেলা করা ও অর্থনৈতিক ওয়াদাগুলো বাস্তবায়ন করা।

পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন ডিগবাজির কোনো নিন্দা না জানিয়ে ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিস্ক্রিয় থেকে ইউরোপের তিন শক্তি বা ত্রয়ী তথা জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের ওপর পেছন থেকে ছুরি মেরেছে বলে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মন্তব্য করেছেন। ইউরোপীয় জোটও 'শিগগিরই ইরানের ওপর অবরোধ তুলে নেয়ার ব্যবস্থা করছি' বলে ওয়াদা দিয়ে আসলেও এবং ইরানকে পরমাণু সমঝোতার ওপর অবিচল থাকার আহ্বান জানিয়ে আসলেও সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও সন্ত্রাসে সহায়তার বানোয়াট অজুহাত দেখিয়ে এই জোট ইরানের ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান এ আচরণকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে।  #

পার্সটুডে/এমএএইচ/৩