বিশ্ববাসীর কাছে আইআরজিসি’র গ্রহণযোগ্যতা বাড়বে: জেনারেল জাফারি
-
মেজর জেনারেল মোহাম্মাদআলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদআলী জাফারি ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, চলতি বছর তার বাহিনী বর্তমানের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে এবং শত্রুকে জবাব দেয়ার জন্য অনেক বেশি শক্তিমত্তা নিয়ে অপেক্ষা করবে। আইআরজিসি’র বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় জেনারেল জাফারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আরো বলেন, আইআরজিসি প্রমাণ করবে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাসহ অন্যান্য কাপুরুষোচিত পদক্ষেপ এই বাহিনীর ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দেন। জেনারেল জাফারি এ সম্পর্কে আরো বলেন, নিঃসন্দেহে ট্রাম্পের এ পদেক্ষেপে বিশ্বের স্বাধীনচেতা ও শান্তিকামী মানুষের কাছে আইআরজিসি’র গ্রহণযোগ্যতা বেড়ে যাবে।
এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুররহীম মুসাভি বলেছেন, আমেরিকা আইআরজিসি’র বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে তা উন্মাদনা ও শিশুসুলভ পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। তিনি মঙ্গলবার বিকেলে আইআরজিসি’র কমান্ডার জেনারেল জাফারির সঙ্গে এক সাক্ষাতের পর এ মন্তব্য করেন।
তিনি দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী জনগণের পাশে থেকে সর্বশক্তি দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি বিপ্লবকে রক্ষা করবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০