মার্কিন হঠকারী সিদ্ধান্তের পরিণতির দায় আমেরিকা ও তার মিত্রদের: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i69512-মার্কিন_হঠকারী_সিদ্ধান্তের_পরিণতির_দায়_আমেরিকা_ও_তার_মিত্রদের_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে যে হঠকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে,তার পরিণতির দায়ভার ওয়াশিংটনসহ তাদের কতিপয় ক্রীড়নক সরকারকেই বহন করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৯ ১১:৩৬ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে যে হঠকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে,তার পরিণতির দায়ভার ওয়াশিংটনসহ তাদের কতিপয় ক্রীড়নক সরকারকেই বহন করতে হবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিরুদ্ধে মার্কিন সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে একথা বলেছেন জারিফ।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আইআরজিসি'কে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। গুতেরেসকে লেখা চিঠিতে ট্রাম্পের ওই পদক্ষেপকে শত্রুতামূলক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সকল রীতিনীতি এমনকি একটি দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও মন্তব্য করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের ওই হঠকারী সিদ্ধান্ত পশ্চিম এশিয়ায় মারাত্মক উত্তেজনা সৃষ্টি করতে পারে। ওই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও মন্তব্য করেছেন জারিফ।

মার্কিন পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, আন-নুসরা, আল-কায়েদাসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনী নির্মূলে আইআরজিসির গৌরবোজ্জ্বল ভূমিকায় ক্ষিপ্ত হয়ে ইরানের এই এলিট গ্রুপকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ট্রাম্প। অথচ এই গোষ্ঠিগুলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে জারিফ আরও বলেছেন, আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বাহিনী 'সেন্টকম'কে সন্ত্রাসী বাহিনী বলে চিহ্নিত করেছে। এই বাহিনী পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের সন্ত্রাসী নীতি বাস্তবায়ন করে থাকে। কাজেই সেন্টকমের অপতৎপরতার পরিণতির দায় তাদেরকেই নিতে হবে বলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন জারিফ।

১৯৮৮র ৩ জুলাইতে সেন্টকম ইরানের যাত্রীবাহী বিমানে পাশবিক হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করেছে। ইয়েমেনসহ এ অঞ্চলের অন্যান্য দেশের নিরীহ মানুষ হত্যা করেছে সেন্টকম। সেই প্রসঙ্গ টেনে জারিফ বলেন এই বাহিনী ইরানের জাতীয় নিরাপত্তাসহ ইরানি, অ-ইরানি সকলের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে।

জারিফ তাঁর লেখা চিঠিটিকে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ অধিবেশনের সনদ হিসেবে প্রকাশ করারও আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/নাসির মাহমুদ/১২