আইআরজিসি'র কাছে পরাজিত হওয়ার প্রতিশোধ ভিন্নভাবে নিতে চায় আমেরিকা: ইরান
-
আলাউদ্দিন বোরুজের্দি
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে কালো তালিকাভুক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভুল করেছেন। এর পরিণতি তারা ভোগ করবেন।
তিনি বলেন, ইরানের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার প্রয়োজন পড়বে না। ইরান ও আইআরজিসি'র ব্যাপক জনপ্রিয়তার কারণে এই অঞ্চলের দেশগুলো নিজে থেকেই আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, মার্কিনীরা পশ্চিম এশিয়ায় আইআরজিসি'র প্রভাব সম্পর্কে পুরোপুরি অবহিত থাকার পরও হিসাব-নিকাশে ভুল করেছে। আইআরজিসি ও এর কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল সুলায়মানি পুরো অঞ্চলে ব্যাপক জনপ্রিয় বলে তিনি জানান।
বোরুজের্দি বলেন, সিরিয়া ও ইরাকে আইআরজিসি'র কাছে পরাজিত হয়েছে মার্কিন বাহিনী। এ কারণে তারা আইআরজিসি'র বিরুদ্ধে নানাভাবে প্রতিশোধ নিতে চাইছে।
মার্কিন সরকার গত ৮ এপ্রিল আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে ইরানের জাতীয় ও সামরিক বাহিনীর অংশ আইআরজিসিকে "সন্ত্রাসী" হিসেবে তালিকাভুক্ত করেছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩